তিন মাসের মধ্যে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ হাইকোর্টের

তিন মাসের মধ্যে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ হাইকোর্টের

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৫৫

ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশ ও পরিবেশনের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তথ্য সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আগামী তিন মাসের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিটিআরসি ও পুলিশের দেওয়া প্রতিবেদন দেখার পর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোমবার (১৮ জানুয়ারি) এ আদেশ দেন।
বিটিআরসির প্রতিবেদনটি দাখিল করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ মহাপরিদর্শকের দেওয়া প্রতিবেদনটি উপস্থাপন করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটকারী পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।
আইনজীবী রেজা-ই-রাকিব পরে গণমাধ্যমকে বলেন, ওটিটি প্ল্যাটফর্ম তদারকি, নিয়ন্ত্রণ ও কীভাবে রাজস্ব আদায় করা যায় সে বিষয়ে একটি নীতিমালা করার জন্য সরকার থেকে যে কমিটি করে দিয়েছে, সে কমিটিকে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে খসড়া নীতিমালা করে আদালতে দাখিল করতে হবে।
“সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেসব ভিডিও কনটেন্ট প্রচার-পরিবেশন করা হচ্ছে, তাকে আইনের আওতায় আনার জন্য এবং তদারকি, নিয়ন্ত্রণসহ এসব মাধ্যম থেকে কীভাবে রাজস্ব আদায় করা যায়, তার জন্য নীতিমালা করতেই এ কমিটি করা হয়েছে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading