প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন পাহাড়ের ২৬৮ পরিবার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৫০
ঘরহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো রাঙামাটিতেও নির্মাণ করা হচ্ছে গৃহহীন ও ভূমিহীনদের জন্য পাকা ঘর।। রাঙামাটির ১০ উপজেলায় ৭৩৬টি ঘর নির্মাণ করা হচ্ছে, যার প্রথম ধাপে ২৬৮টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য জেলার সঙ্গে একযোগে হস্তান্তর করা হবে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের চাবি।
দুর্গম পাহাড়ি গ্রামে বসবাস করেন হাজারো মানুষ। এসব মানুষের অনেকেরই জায়গা থাকলেও জোটে না ঘর। আবার কোনোভাবে ঘর নির্মাণ করলেও ঝড়-বৃষ্টি কিংবা অন্য কোনও দুর্যোগে ঘর হারিয়ে এসব মানুষকে আশ্রয় নিতে হয় অন্য কারও বাড়িতে। এভাবে জীবনের চক্রাকারে পরিচালিত হচ্ছে পাহাড়ের সাধারণ মানুষ।
দুই রুমের পাকা টিনশেডের ঘরের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাল ৭১ হাজার টাকা। পাহাড়ি অঞ্চলে যোগাযোগ অসুবিধার জন্য পরিবহন খরচ বেশি হওয়ায় এই টাকা দিয়ে ঘর নির্মাণে বেগ পেতে হলেও ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের ঘর নির্মাণ। আর ঘর পেয়ে সন্তুষ্টির কথা জানালেন উপকারভোগীরা।
রাঙামাটি সাপছড়ি ইউনিয়নের কলাবুনিয়া গ্রামের বাসিন্দা মঙ্গল দেবী চাকমা ও সুমন চাকমা বলেন, আগে বৃষ্টি এলে ঘরের চাল থেকে বৃষ্টি পড়তো এবং কষ্টে দিন যাপন করতে হতো। এখন প্রধানমন্ত্রী আমাদের ঘর উপহার দিচ্ছেন, সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।

