চট্টগ্রামের জনগণ তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:২০
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নিজ সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের জনগণ তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে স্বতন্ত্র ও কর্তৃত্বমূলক ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করবে সরকার।’
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু পরিবার এ দেশের রাজনীতিতে সততার এক অনন্য উদাহরণ।
‘সৎ এবং শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রত্যেকেরই এই পরিবার থেকে শিক্ষা নেয়া উচিত,’ বলেন তিনি।
ক্ষমতা প্রদর্শন না করে, আওয়ামী লীগ ও মিত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদেরকে জনগণের সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
‘কোনো ক্ষমতা স্থায়ী নয়’ উল্লেখ করে তিনি আরও বলেন, উপভোগের লালসা এড়িয়ে দলের নেতা, কর্মী ও অনুসারীদের উচিত জনগণের সেবায় মনোনিবেশ করা।
ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, ভবিষ্যতের রাজনীতি হবে শুদ্ধির রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি। অপকর্ম ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা দেশকে পেছনে ঠেলে দিতে চায় রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে এবং সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

