কুড়িগ্রামে তীব্র শীতে স্থবির জনজীবন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪৪
শৈত্যপ্রবাহে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। কুড়িগ্রাম জেলায় আজ বৃহস্পতিবারের (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলমান এই মৃদু শৈত্যপ্রবাহ চলতি মাসের আরও দুইদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।
দিনের বেলা সামান্য কিছু সময় সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না সূর্যের দেখা। অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় নাকাল খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ।
তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপচরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষজন। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। রাস্তাঘাট ও বাজারে কমেছে লোকজনের আনাগোনা।
ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার বোরো চাষিরা। বোরো চাষের ভরা মৌসুম চললেও কনকনে ঠান্ডায় চাষিরা ঠিকমতো মাঠে কাজ করতে না পারায় ব্যাহত হচ্ছে বোরো আবাদ।
এছাড়া কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে হতদরিদ্র পারিবারের শিশু ও বৃদ্ধদের।
অন্যদিকে টানা শীতে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যা গত ১৭ দিন ধরে স্বাভাবিকের চেয়ে একটু বেশি।

