মমতাজ কণ্ঠ দিলেন হাসান মতিউর রহমানের গানে
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩৪
জনপ্রিয় গীতিকার হাসান মতিউর রহমানের অনেক গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এ জুটি আবারও হাজির শ্রোতাদের জন্য নতুন দুটি গান নিয়ে। গান দুটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
মুশফিক লিটু নিশ্চিত করলেন, গেল ২৬ জানুয়ারি রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুইটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গীতিকার হাসান মতিউর রহমান তার নতুন গান সম্পর্কে বলেন, ‘মমতাজ প্রিয় গায়িকাদের একজন। অনেকদিন পর ওর জন্য দুটি গান লেখা হলো। একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দু’টি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।’
গানের ভিডিওতে দেখা যাবে গায়িকা মমতাজকেই। গান দুটি সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।
প্রসঙ্গত, ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানটির সংগীতে পরিচালক ছিলেন মুশফিক লিটু।

