দায়িত্ব শেষ করে বিদায় নিলেন উপাচার্য ফায়েক উজ্জামান
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৯:০০
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থনের জন্য তিন শিক্ষককে চাকরিচ্যুত করার প্রতিবাদে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি চলছে, সেই সময় উপাচার্যের দায়িত্ব শেষ করে ক্যাম্পাস থেকে বিদায় নিলেন মোহাম্মদ ফায়েক উজ্জামান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফায়েককে ২০১০ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য নিয়োগ দেয় সরকার। ২০১২ সালে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। এরপর দুই মেয়াদে ১০ বছর ২ মাস উপাচার্যের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাস ছাড়েন তিনি।
তার মেয়াদের শেষ দিকে এসে গত বছর বিশ্ববিদ্যালয়ে বেতন-ফি কমানো এবং আবাসন সংকট নিরসনসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে দুই ছাত্রকে বরখাস্ত এবং তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ওই দুই ছাত্র নয় দিন অনশন চালিয়ে আসার পর মঙ্গলবার তাদের শরবত খাইয়ে অনশন ভাঙান উপাচার্য ফায়েক উজ্জামান। বৃহস্পতিবার তাদের বহিষ্কারাদেশ মওকুফের কথা জানিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

