টিএসসি: মূল কাঠামো না ভেঙে নতুন ভবন সংযোজনের নকশা
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১০:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পুরো স্থাপনা না ভেঙে ১০ তলা একটি নতুন ভবন সংযোজন করার নকশা তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর। নতুন এই নকশায় টিএসসির আগের অবকাঠামো বজায় রেখে বর্তমান সুইমিংপুলের জায়গায় ১০ তলা নতুন ভবনটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।
রবিবার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের এক সভায় এই নকশা উপস্থাপন করা হয়। তবে নকশাটি এখনো চূড়ান্ত করা হয়নি বলেও গণমাধ্যমকে জানিয়েছেন, আবুল কালাম সিকদার।
তিনি বলেন, “গত মিটিংয়ের পরামর্শ অনুযায়ী এবার টিএসসি না ভেঙে নকশা উপস্থাপন করেছে তারা। আজকে যে নকশাটা দেখানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটামুটি সম্মতি দিয়েছে। তবে এখনও তা চূড়ান্ত করা হয়নি। চার সপ্তাহ পর আরেকটি সভা হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন দিলে পিডব্লিউডি তা বাস্তবায়ন করবে।”
আবুল কালাম সিকদার বলেন, “নতুন নকশায় দেখানো হয়েছে টিএসির সামনের ভবন ও অডিটোরিয়াম আগের মতই থাকবে। আমরা যে চাহিদা দিয়েছি, সেগুলো পূরণের জন্য শুধু সুইমিংপুলের জায়গায় ১০ তলা ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে নতুন করে।”

