পেট্রাপোলে ধর্মঘট প্রত্যাহার, আমদানি-রফতানি শুরু
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১০:৫০
অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরের শ্রমিকরা। ফলে যশোরের বেনাপোল বন্দরের সঙ্গে বাণিজ্য সচল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীর বরাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় আন্দোলকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে। দাবি মেনে নেওয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে তারা পায়ে হেঁটে পেট্রাপোল ও বেনাপোলের মধ্যে যাতায়াত করতে পারবেন।
এর আগে বাণিজ্য পরিচালনায় নিরাপত্তার নামে সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ পণ্য খালাসের জটিলতা নিরসনে পাঁচ দফা দাবি বাস্তবায়নে ধর্মঘটের ডাক দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয় ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটি। এতে দুই বন্দরে প্রবেশে শত শত আমদানি-রফতানি পণ্যের ট্রাক আটকা পড়ে।

