ব্যাপক তুষারঝড়ের কবলে আমেরিকার পূর্ব উপকূল

ব্যাপক তুষারঝড়ের কবলে আমেরিকার পূর্ব উপকূল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৩:৩০

ব্যাপক তুষারঝড় বয়ে যাচ্ছে আমেরিকার পূর্ব উপকূলজুড়ে। তুষারঝড়ের কারণে নিউ ইয়র্ক শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বহু ফ্লাইট বাতিল হয়েছে, অনেকগুলো টিকাদান কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালের মধ্যে নিউ ইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউ জার্সি ও পেনসিলভেইনিয়াতে ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক শহর ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আমেরিকার জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ঝড়টি দুর্বল হওয়ার আগে সরতে সরতে নিউ ইংল্যান্ড পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরও আরও কয়েকদিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ তীব্র তুষারঝড় তৈরি হতে পারে।

ঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও একটি আদেশ জারি করে সোমবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে জরুরি নয় এমন ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছেন এবং মঙ্গলবার সরকারি স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

নিউ ইয়র্ক রাজ্যের মেয়র অ্যান্ড্রু কুওমো নিউ ইয়র্ক শহরের পাশাপাশি আরও ৪৪টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। একটি প্রাণসংহারি পরিস্থিতি। বন্ধ না করলে দ্রুত খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে।”

নিউ জার্সির গভর্নর ফিলিপ মার্ফি সোমবার তার রাজ্যে বাস ও রেল চলাচল স্থগিত করেছেন। তার জরুরি আদেশের বলে কর্তৃপক্ষগুলো রাস্তা বন্ধ করে দিতে ও ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অনুমতি পেয়েছে।

ঝড়ের পথ বরাবর বড় বিমানবন্দরগুলোর এক হাজার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এসব বিমানবন্দরের মধ্যে নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি বিমানবন্দর ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। সোমবার সকাল পর্যন্ত নিউ ইয়র্কের গুয়ার্ডিয়া বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত ছিল।

ঝড়টির কারণে কনেটিকাট, নিউ জার্সি, রোড আইল্যান্ড, ফিলাডেলফিয়া, রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক এলাকার কিছু অংশে করোনাভাইরাস টিকা বিতরণ বন্ধ রাখতে হয়েছে।

নিউ ইয়র্ক শহরের টিকাদন কর্মসূচী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকতে পারে। মেয়র ডি ব্লাজিও বলেছেন, এই প্রবল তুষারঝড়ের মধ্যে বয়স্ক বাসিন্দাদের বাইরে বের হওয়া ‘নিরাপদ হবে না’।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমরা স্থানীয় জরুরি অবস্থার মধ্যে আছি। আমি শঙ্কিত, এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি তা আরও খারাপ হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading