ভোটাররা আমার ওপর ভরসা রাখবে: ওমর সানী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৫:৪২
গত ৩০ বছর ধরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আগামী ৬ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। চিত্রনায়ক ওমর সানি এবার সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছেন।
নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইছেন ভোটারদের কাছে। ভোট চেয়েছেন ওমর সানিও। ফোনে, সোশাল মিডিয়ায় সবখানে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।
ওমর সানি বলেন, ভোটাররা আমার উপর ভরসা রাখবে আমি জানি। আমি সেক্রেটারি হিসেবে গেল দুটি বছর চেষ্টা করেছি সংগঠন ও সদস্যদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে। সেই সাফল্যের অনুপ্রেরণাতেই এবার সভাপতি হিসেবে প্রার্থী হয়েছি।
এরইমধ্যে তার নেতৃত্বে একটি প্যানেলও ঘোষণা করা হয়েছে। সেখানে আরও আছেন মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।
চিত্রনায়ক ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। দুই সংগঠনে নেতৃত্বও দিয়েছেন। তিনি ফিল্ম ক্লাবের সদ্য বিদায়ী জেনারেল সেক্রেটারি।

