টিকা ছাড়া কোনো রোগই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:২৫
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস দূর করতে ভ্যাকসিন নিতে হবে। টিকা ছাড়া কোনো রোগই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। হাম-পোলিওর মতো রোগগুলো দূরীকরণেও আমাদেরকে টিকা নিতে হয়েছে। করোনাভাইরাস দূর করতেও আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময়ে টিকা নিতে হয়েছে। আর টিকা নিলে জ্বর-সর্দি, ব্যথা হওয়াটা স্বাভাবিক। মন্ত্রী, সচিব, চিকিৎসক নেতাসহ সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘গ্রাম পর্যায়ে সবাইকে সচেতন করতে স্থানীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবাই টিকা নিলেই দেশ করোনামুক্ত হবে।’
তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগের ফলেই এর আগে পৃথিবী থেকে পোলিও, প্লেগসহ অন্যান্য মহামারিগুলো বিদায় নিয়েছে। অথচ ভ্যাকসিন প্রয়োগে দেশে এখন কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিভ্রান্তির ফলে শুরুতে মানুষের মনে ভয়ের শঙ্কা থাকলেও এখন ধীরে ধীরে তা কেটে যাচ্ছে। কারণ, ভ্যাকসিনের প্রথম দু ’দিন প্রয়োগের ফলে দেখা যাচ্ছে, এখনো ভ্যাকসিন গ্রহণকারী কারো শরীরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সবাইকে নিবন্ধন করতে হবে। যারা অনলাইনে আবেদন করতে অপারগ, তাদের গ্রাম পর্যায়ে তথ্য কেন্দ্রে সহায়তা দেয়া হবে। এছাড়াও টিকা কেন্দ্রে গিয়ে ফর্ম ফূরণ করা যাবে।

