অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি করায় দু’সপ্তাহের রিমান্ডে সু চি
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:৪০
মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে মিয়ানমার পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, সু চি যোগাযোগের জন্য অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি করেছেন। যেটা তার নিপিদোর বাড়িতে পাওয়া গেছে।
পুলিশের কিছু নথিপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানায় বিবিসি।
তদন্তের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে। সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন এবং যোগাযোগের বেআইনি যন্ত্র রাখার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচনের ফল নিয়ে দ্বন্দ্বের জেরে গত সোমবার মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতার দখল নেয় এবং ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টসহ নির্বাচিত বেশ কয়েকজন এমপিকে আটক করে। ওই দিন নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। সেনাবাহিনী সু চিকে কোথায় বন্দি করে রেখেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, সু চিকে রাজধানী নিপিধোতে তার নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

