মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করার আহ্বান জাতিসংঘ প্রধানের
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:০৩
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের অভ্যুত্থান ব্যর্থ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের বিপরীত ঘটনা অগ্রহণযোগ্য, এটি যে দেশ শাসনের কোনো উপায় না তা অভ্যুত্থান নেতাদের বুঝিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্টের সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমারে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আশাবাদী আমি।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আমরা সবকিছু করব।’
গুতেরেস বলেন, নির্বাচনের ফল উল্টে দেওয়া, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া খুবই অগ্রহণযোগ্য। মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝাতে হবে যে এটা দেশ শাসনের উপায় নয়। এভাবে সামনেও এগিয়ে যাওয়া যায় না।
মিয়ানমারে সেনাবাহিনী ফেসবুক বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্যবহারকারীরা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিবিসিকে জানান, তারা ফেসবুকে ঢুকতে পারছেন না। ৩ ফেব্রুয়ারি মিয়ানমারে তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দেন। তাদের ফেসবুক পেজে হাজার হাজার লাইকও পড়ে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেনা অভ্যুত্থান ইস্যুতে সম্ভাব্য বিবৃতি নিয়ে আলোচনা করছে। তবে সেনা অভ্যুত্থানে নিন্দা জানিয়ে দেওয়া যেকোনো বিবৃতি চীন আটকে দেবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশের মধ্যে চীন একটি। তাই চীনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

