বিক্ষোভে উত্তাল মিয়ানমার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:১০
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে চলমান বিক্ষোভ ও ধর্মঘটে অচল হয়ে পড়েছে বহু সরকারি দফতর।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুনের শহরতলির ব্যস্ত সংযোগ সড়ক থেকে শুরু থেকে পুরনো রাজধানী বাগান সবখানে সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষ নেমে এসে সেনা শাসনের প্রতিবাদ জানিয়েছে। খবর রয়টার্সের।
মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে নতুন নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি দিলেও তা উপেক্ষা করে রাস্তায় নামছে মানুষ। বিক্ষোভকারীরা সামরিক জান্তার আশ্বাসের ব্যাপারে ব্যাপক সন্দিহান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, গণতান্ত্রিক সরকার উৎখাতে জনগণের সমর্থন আছে। তবে সেই ভাষ্যকে মিথ্যে প্রমাণ করে বুধবারও বড় ধরনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ইয়াঙ্গুনে জড়ো হয়েছেন অভ্যুত্থানবিরোধী কয়েক হাজার বিক্ষোভকারী।
বৃহস্পতিবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে সুলে প্যাগোডার সামনে সমবেত হয় বিপুল সংখ্যক মানুষ। এছাড়া প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক সংযোগেও বড় জমায়েত দেখা যায়। মূলত শান্তিপূর্ণ এই বিক্ষোভ ও নাগরিক অসহযোগ আন্দোলনের কারণে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ সরকারি বাণিজ্য।

