প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল আমেরিকা
উত্তরদক্ষিণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৩৫
তিন মাস পর ফের প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্ত হল আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদার এবং আগামী তিন দশকের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবেই ওয়াশিংটন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে।
আমেরিকার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজ্ঞানী এবং বিদেশি কূটনীতিকরা। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনই এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছিলেন; তার ওই পদক্ষেপের ঠিক ৩০ দিন পর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফেরা কার্যকর হল।
প্রসঙ্গত, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি যেন প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়, তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার নিয়ে ২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তিতে প্রায় ২০০টি দেশ স্বাক্ষর করেছিল। ক্ষমতায় এসে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ওই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। অবশ্য তার ওই সিদ্ধান্ত কার্যকর হয় গত বছরের নভেম্বর থেকে।

