রোজার আগেই পাপুলের আসনে উপনির্বাচন হতে পারে: কবিতা খানম
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:১০
নির্বাচন কমিশনার কবিতা খানম জানিয়েছেন, রোজার আগেই লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন কবিতা খানম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লক্ষ্মীপুর-২ শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। ঐ আসনে নির্বাচনের বিষয়ে শিগিগরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কবিতা খানম বলেন, সামনে যেহেতু রোজা আছে, রোজা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। রোজার সময় সাধারণত কোনো নির্বাচন দেওয়া হয় না। তবে রোজার পর নির্বাচন করতে হলে যদি ৯০ দিনের সময়সীমা পার হয়ে যায়, সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদের নির্বাচন করা নিয়ে আমাদের সিইসির হাতেও একটা সময় থাকে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিল করা হয়। ঐ আসন শূন্য ঘোষণা করে গত সোমবার গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। তাতে বলা হয়, ২৮ জানুয়ারি থেকে ঐ আসনটি শূন্য।
সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে শূন্য ঘোষণা করার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে ঐ আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঐ আসনে উপনির্বাচন করতে হবে। এর মধ্যে চাঁদ দেখা সাপেক্ষে ১৩ অথবা ১৪ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

