নৌ পথকে আরও সচল করার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জলপথ হলো বাণিজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত ও প্রয়োজনীয় একটি মাধ্যম। জলপথে পণ্য পরিবহনের সুযোগ না থাকলে অর্থনীতি স্থবির হয়ে যেত। আমরা নৌ পথকে আরও সচল করার পদক্ষেপ নিয়েছি।’
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ক্যাম্পাসে ৫৫তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করে দিয়ে যান। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটাকে সচল করার এবং আরও উন্নত করার উদ্যোগ নেই। আমরা এর শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করেছি ও আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি। আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে এবং আরও বাড়বে বলে আমরা আশা করছি। এখানে আন্তর্জাতিক মানের ট্রেনিং নিয়ে ক্যাডেটরা দেশে-বিদেশে যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি।’
তিনি বলেন, ‘১৯৭৪ সালে সমুদ্রসীমা আইন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু, জাতিসংঘেরও তখন এই আইন হয়নি। কিন্তু পরের সরকারগুলো এ বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। আমরা ক্ষমতায় এসে এ সংক্রান্ত পদক্ষেপ নেই। বিশাল সমুদ্রসীমা অর্জন করি। অভ্যন্তরীণ নৌ পথকে আমরা আরও সচল করে দিচ্ছি।’
মেরিন একাডেমির ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছো। সমুদ্রচারণ খুব চ্যালেঞ্জিং। তবে তোমরা যে দেশের কাজ করো, সেই দেশের নিয়ম মেনে চলতে হবে। বাংলাদেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে যেন। দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়।’
সরকারপ্রধান জানান, বর্তমানে দেশে সরকারি পাঁচটি ও বেসরকারি ছয়টি মেরিন একাডেমি রয়েছে। আরও চারটি চালু হবে। সরকার মেরিটাইম ইউনিভার্সিটি চালু করেছে। মেরিটাইম বিষয়ে চার বছর মেয়াদি অনার্স, ডিগ্রিতে মেরিটাইম কোর্স চালু করেছে। এগুলোতে লেখাপড়া করে ও ট্রেনিং নিয়ে তরুণরা যাতে দেশে-বিদেশে যেন কাজ করতে পারে, রেমিট্যান্স আনতে পারে সেই সুযোগ সরকার করে দিয়েছে।

