ফিরতে পারবেন না শামীমা বেগম: ব্রিটেনের সুপ্রিম কোর্টের রায়
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:০৫
লন্ডন থেকে পালিয়ে ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে সিরিয়ায় যাওয়া তরুণী শামীমা বেগমকে ব্রিটেনে ফেরার সুযোগ দেয়া হবে না বলে রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। খবর বিবিসি’র।
২১ বছর বয়সী শামীমা বেগম এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন। তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন।
সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে ফিরতে না দিয়ে ব্রিটেন সরকার শামীমা বেগমের অধিকার লংঘন করেনি।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরো দুজন স্কুলপড়ুয়া মেয়েসহ ব্রিটেন ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান, এবং জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট-এর (আইএস) সাথে সাথে যোগ দেন। তখন শামীমা বেগমের বয়স ছিল ১৫।
সেখানে তিনি একজন ডাচ জিহাদিকে বিয়ে করেন। দু বছর আগে ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করেন।

