আবারও সড়ক দুর্ঘটনায় এনা পরিবহন
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩৩
যাত্রীবাহী মাইক্রো ও এনা পরিবহনের গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে আহত হয়েছেন আরও ১০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।
এ নিয়ে ২৫ ঘন্টার মধ্যে দুই বার এনা পরিবহনের গাড়িতে সংঘর্ষের খবর পাওয়া গেল। এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের বাসে মুখোমুখি সংঘর্ষের র্ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিহত হন।
এদিকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী হায়েস মাইক্রো ও কক্সবাজার অভিমুখী এনা পরিবহনের একটি বাস চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরোহী চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫) নিহত হয়।
এসময় মারাত্মকভাবে আহত হয়েছেন সুনীল (৫২), আবদুল হাকিম (৩২), জাফর (৮৫), তফসির (৩০), শুভ (৫০), আবদু রশিদ (২২), ওসমান (২৩)। তাদেরকে চকরিয়া হাসপাতালে আনা হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদু রশিদ ও ওসমান ছাড়া বাকি ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চকরিয়া হাসপাতাল সূত্রে জানা যায়।

