টিকা নিলেন নরেন্দ্র মোদি
উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:১০
সোমবার (১ মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে টিকার প্রথম দফার ডোজ নেন তিনি। সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদীকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা। খবর আনন্দবাজারের।
টিকা নেয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টু্ইটারে। সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ইন্ডিয়াকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’
১৬ জানুয়ারি থেকে ইন্ডিয়ায় শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।

