সংকটাপন্ন অবস্থায় বেজ বাবা সুমন
উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:৫০
‘বেজ বাবা’-খ্যাত সংগীতশিল্পী সুমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসার জন্য গত বছর দেশের হেভি মেটাল সংগীতের অন্যতম ব্যান্ড ‘অর্থহীনের’ এই শিল্পীর জার্মানি যাওয়ার কথা ছিল। তবে করোনায় উদ্ভূত পরিস্থিতি এবং ভিসা জটিলতার কারণে জার্মানি যাওয়া হয়নি তার।
এদিকে রবিবার (২৮ ফেব্রুয়ারি) অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সুমনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি খারাপ। তাঁর স্পাইনাল কর্ডের ব্যথা অনেক বেড়েছে। যন্ত্রণায় কাতর হচ্ছেন প্রায়ই। জরুরি ভিত্তিতে এটার চিকিৎসা দরকার। যে কারণে চেষ্টা করা হচ্ছে তাঁকে দ্রুত জার্মানিতে নিয়ে যাওয়ার।

রাজু আহমেদ বলেন, তিনি (সুমন) এবং তাঁর পরিবার থেকে এখনো জার্মানিতে যাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। কারণ, তাঁর শারীরিক এই সমস্যার চিকিৎসা হয় জার্মানিতে। তাঁর জন্য পরিবারের অন্যরা ভেঙে পড়েছেন, চিন্তা করছেন। আপাতত দেশের কয়েকজন ডাক্তারের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।
বেশ কয়েক বছর আগে চিকিৎসকেরা সুমনের শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান। একসময় জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে ছিল। এই গায়কের শরীরে অস্ত্রোপচার করা হয়। পরে তিনি একটু একটু করে ভালো হয়ে ওঠেন। গানে নিয়মিত হবেন, এমন সময় আবার দুঃসংবাদ শোনেন। চিকিৎসকেরা জানান, তার আবার ক্যানসার ধরা পড়েছে। এত কিছুর পরও তিনি মনোবল হারাননি। আবারও তাঁর শরীরে সার্জারি করা হয়। ২০১৭ সালে সার্জারি করার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে যেতে হয় হাসপাতালে। প্রায় ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। সেই থেকেই কিছুদিন পরপর স্পাইনাল কর্ডের ব্যাথাটা বাড়ত। এখন সেটি নিয়মিত হচ্ছে।

