আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ১১:৫০

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (৬ মার্চ)।

২০১৩ সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ শহরের চকপ্রান মহল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ ছিলেন নওগাঁ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আব্দুল জলিল ছিলেন তার একমাত্র পুত্রসন্তান। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৬৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন আব্দুল জলিল।

আব্দুল জলিল

জাতীয় পর্যায়ে আব্দুল জলিল অনেক গুরুদায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে নওগাঁ মহকুমার নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয় তার ওপর। ১৯৭১ সালে তিনি আওয়ামী লীগ থেকে নওগাঁ সদর আসনে এমপি নির্বাচিত হন। তিনি ‘বঙ্গবাণী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার মালিকও ছিলেন।

১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। আব্দুল জলিল পরপর দু’বার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য, ২০০২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ঢাকা ও নওগাঁয় নানা কর্মসূচি পালিত হচ্ছে। পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের নিজ বাসায় দোয়া মাহফিল, মধ্যাহ্ন ভোজের আয়োজন, প্রয়াত নেতার কবর জিয়ারত করা করা হবে। তার ছেলে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া নওগাঁর আব্দুল জলিল ফাউন্ডেশন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। কালো ব্যাচ ধারণ, প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ, শোক র‌্যালি, রক্তদান কর্মসূচি পালন এবং বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading