কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতরা ছাড় পাবে না: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:১০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে সেখানে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অচিরেই সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্তও চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ঢাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সম্মেলনে যুক্ত হন তিনি।
এ সময় দলীয় শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠিন অবস্থানে। দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল ছাড় দেবে না।
গত ৯ মার্চ তার নিজ সংসদীয় আসন কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষে আবারও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন সিএনজিচালক নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিকে ইঙ্গিত করে নিজ বক্তব্যে সারাদেশের দলীয় কর্মীদের অনুশাসনমূলক এই নির্দেশনা দেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় হুঁশিয়ারি দিয়ে বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দায়ীদের ধরতে অভিযান অব্যাহত আছে। অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

