শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মোসলেম উদ্দিন আর নেই

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মোসলেম উদ্দিন আর নেই

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার (২৮ মার্চ) ভোরে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুর খবরে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। স্ত্রী রোকেয়া মোসলেম সাতক্ষীরা জেলা পরিষদ সদস্যা, ছেলে বদরুজ্জামান বিপ্লব কলারোয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মেয়ে সুরাইয়া ইয়াসমিন রত্না কাজিরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

পরিবার জানায়, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। প্যারালাইসড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৮ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তখন থেকে তিনি মোসলেম কমান্ডার নামে পরিচিত।

২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি মামলাটির বিচার সম্পন্ন হয়েছে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোসলেম উদ্দিন ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে শেষবারের মতো দেখার জন্য মুক্তিযোদ্ধা, অগনিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে সমবেত হয়েছেন। আজ বাদ আছর তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading