সামাজিক মাধ্যম ও অ্যাপসে চলবে বিএনপি’র রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ০৩:৪৫
করোনা সংক্রমণ বাড়ায় নেতা, কর্মী, সমর্থকদের সমাগম ঘটে- এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে, ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকারের উদাসীনতার ফলশ্রুতিতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতা, কর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ/নেতা, কর্মী, সমর্থকদের সমাগম ঘটে- বিএনপি’র এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।
বিএনপি জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের প্রতি করোনাভাইরাসের ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে।

