বাসে উঠতে না পেরে রাজধানীতে যাত্রীদের বিক্ষোভ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৩:৫০
করোনা সংক্রমণ এড়াতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করায় সকালে কর্মক্ষেত্রে যেতে বাসে উঠতে পারেননি অনেকে। এমন ভোগান্তীতে পড়ায় রাজধানীর খিলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে খিলক্ষেত এলাকায় ক্ষুব্ধ যাত্রীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে দিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিত শান্ত করে।
এ নিয়ে খিলক্ষেত থানার এসআই শাহীন গণমাধ্যমকে বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বাসে ৫০ শতাংশ যাত্রী বহনের নিয়ম করা হয়েছে। ফলে সকালে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ গিয়ে যাত্রীদের বাসে উঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” ক্ষুব্ধ যাত্রীরা ১০ থেকে ১৫ মিনিট রাস্তা আটকে রাখে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর বুধবার (৩১ মার্চ) থেকে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়। রাজধানীর বেশিরভাগ রুটে বেসরকারি যে মিনিবাসগুলো চলাচল করে, সেগুলো কমবেশি ৫০ আসনের। সরকারি নির্দেশনা পাওয়ার পর অর্ধেক আসন খালি রেখে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে সেগুলো যাত্রী পরিবহন করছে এখন।

