মেহেরপুরে জামায়াতের জেলা আমীরসহ আটক ১৩
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৫:১৩
মেহেরপুরের মুজিবনগরে গোপন বৈঠক থেকে জেলা জামায়াতের আমীর তাহাজ উদ্দিনসহ ১৩ নেতাকে আটক করেছে পুলিশ। মুজিবনগর থানার ওসি আবুল হাসেম জানান, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার শিবপুর গ্রামের ফজলু গাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে আটজন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন।
ওসি বলেন, আটকরা ফজলু গাজির বাড়ির একটি ঘরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। “এ সময় পুলিশ তাদের আটক এবং ওই ঘরে তল্লাশি করে তিনটি হাতবোমাসহ কয়েকটি জিহাদি বই জব্দ করে। এছাড়া তাদের ব্যবহৃত পাঁচটি মোটর সাইকেলও জব্দ করা হয়।”
আটকদের থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

