‘ইন্ডিয়ার লুক ইস্ট নীতির প্রথম লক্ষ্য বাংলাদেশ’

‘ইন্ডিয়ার লুক ইস্ট নীতির প্রথম লক্ষ্য বাংলাদেশ’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ২৩:৫৫

ইন্ডিয়ার রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, “বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও সহযোগী হিসেবে ভারতের লুক ইস্ট নীতির প্রথম লক্ষ্য হবে বাংলাদেশ।”

গত কয়েক বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “ভারত দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে একটি সার্বিক অংশীদারিত্ব আশা করে।”

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পীযূষ গোয়াল এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক ‘অত্যন্ত গতিশীল, প্রাণবন্ত ও শক্তিশালী’। কারণ এই সম্পর্ক ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধন এবং উভয় দেশের মানুষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে প্রতিষ্ঠিত।”

অর্থনৈতিক খাতে বাংলাদেশের কর্মক্ষমতা এবং মধ্য আয়ের দেশে রূপান্তরের প্রশংসা করে পীযূষ গোয়াল বলেন, “গণতন্ত্রের প্রতি অদম্য সমর্থন, জনগণের কঠোর পরিশ্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।”

তিনি আরো বলেন, “স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি অত্যন্ত চিত্তাকর্ষক, যদিও ৫০ বছর একটি জাতির অগ্রগতি অর্জনের জন্য দীর্ঘ সময় নয়। কারণ ১৯৪৭ সালে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশটি দুই দফা অস্থিরতার সম্মুখীন হয়েছে।”

দুই দেশের আরও অগ্রগতির জন্য বিশ্বস্ত বন্ধু বাংলাদেশের সঙ্গে ভারতের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে পীযূষ আশা করেন বাংলাদেশ ও ভারত উন্নত রাষ্ট্র হিসেবে তাদের ১০০ বছরের কূটনৈতিক সম্পর্ক স্থাপন উদযাপন করতে সক্ষম হবে।

ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের লক্ষ্যে আজীবন সংগ্রাম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতির জন্য তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading