আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত ২, আহত ২৫
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ০৯:২০
বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ৬ তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেল বলেন, ‘রাত সোয়া ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। প্রথমে ৭টি ইউনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর আরও ১২টি ইউনিট যোগ দেয়।’
স্থানীয়ভাবে জানা গেছে, ছয়তলা ভবনের দোতলা থেকে ওপর পর্যন্ত বিভিন্ন মানুষের বাস। আগুন লাগার পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে। অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। কউ কেউ আবার আতঙ্কিত হয়ে ছাদে চলে যান। তাতে ভবনের ছাদে বেশ কিছু লোক আটকা পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নামিয়ে নিয়ে আসেন।
ভবনটির নিচতলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে তিনি ওই ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ছিলেন। নিহতের মধ্যে আরেক একজন সুরাইয়া (২২) বলে জানা যায়। “ওই নারীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

