মহামারীর মধ্যে ঢাকা সফরে চীনা প্রতিরক্ষামন্ত্রী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট ১৪:০০
করোনা মহামারীর মধ্যে একদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফিংহে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিমানবন্দর থেকে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফিংহে এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
বিকাল ৩টায় রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা প্রতিরক্ষামন্ত্রীর।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও তিনি একটি বৈঠক করবেন।
চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।
নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

