৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক: সোহমকে দেব
উত্তরদক্ষিণ |শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:১৫
টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকে হরলিক্স খাওয়ার পরামর্শ দিলেন অভিনেতা দেব। কিন্তু হঠাৎ কেন এমন পরামর্শ দিলেন এই অভিনেতা?
গত বছরের নভেম্বর মাসের এক টুইটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রী তনয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন সোহম চক্রবর্তী। আট বছর পূর্তির একটি ছবিও পোস্ট করেছিলেন সোহম। সেই ছবিতে দু’জনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রসিকতা করতেও ছাড়েননি দেব।
সোহম পোস্টে লিখেছিলেন—‘দেখতে দেখতে ৮টি বছর কেটে গেল।’ এই পোস্টের কমেন্টে দেব লিখেছিলেন—‘আরো ৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা। তোদের অনেক ভালোবাসা। সারাজীবন এইভাবেই একসঙ্গে থাক।’
দু’জনের সেই মজার মুহূর্তই নতুন করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
শিশুশিল্পী হিসেবে টলিউডে অভিনয় শুরু করেন সোহম। তখন তার নাম ছিল মাস্টার বিট্টু। ‘মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাব’— ‘ছোট বউ’ সিনেমায় ছোট্ট সোহমের মুখের এই সংলাপ আজও জনপ্রিয়। এই সংলাপের রেশ রেখেই মশকরা করেছিলেন দেব।
প্রসঙ্গত, দুই অভিনেতায় পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজনীতি করছেন। ঘাটাল আসন থেকে দুইবার নির্বাচিত সাংসদ দেব। অন্যদিকে চণ্ডীপুর আসন থেকে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ছেন সোহম। নির্বাচন নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তারা। যদিও ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে।

