অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহের মূর্ত প্রতীক কাজী নজরুল ইসলাম: জি.এম কাদের
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ২৩:৪০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, অত্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের মূর্ত প্রতীক কবি কাজী নজরুল ইসলাম। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক সাহসী প্রতীক হয়ে থাকবেন সব সময়।
মঙ্গলবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জি.এম.কাদের আরো বলেন, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা বিশ্বকে আজীবন পথ দেখাবে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে জীবনের প্রতিটি শাখায় সফলতার অনুপ্রেরণা হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম।
তিনি আরো বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম এর কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে ধরে রাখবে। তিনি ইসলামী সঙ্গীতের পাশাপাশি শ্যামা সঙ্গীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে একইভাবে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

