ভূমিকম্পের আশঙ্কা: সিসিকের নির্দেশে ৬ মার্কেট বন্ধ
উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ১৮:৩০
বড় ভূমিকম্পের আশঙ্কায় সিলেট সিটি কর্পোরেশনের নির্দেশনায় নগরের ৬টি মার্কেট সোমবার (৩১ মে) থেকে ১০ দিনের জন্য বন্ধ রয়েছে। আগামী ৯ জুন এ সব মার্কেটের দোকান খোলা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই ছয়টি মার্কেট হলো, জিন্দাবাজারের পুস্তক মার্কেট খ্যাত রাজা ম্যানশন, মিতালি ম্যানশন, বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট, সিটি সুপার মার্কেট, সমবায় ভবন এবং সুরমা পয়েন্টের সুরমা মার্কেট।
ভূমিকম্পের আশঙ্কায় ক্ষয়ক্ষতি রোধে ঝুঁকিপূর্ণ এসব মার্কেটসহ ২৫টি ভবনের বাসিন্দাদের ১০ দিনের জন্য অনত্র সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল সিসিকের পক্ষ থেকে। রবিবার (৩০ মে) এ নির্দেশনা দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (৩১ মে) এ সব মার্কেট ঘুরে দেখা গেছে, তালিকায় থাকা সবকটি মার্কেটেরই সব ফটক বন্ধ রয়েছে। বন্ধ আছে দোকান। কিছু কিছু মার্কেটে বন্ধ থাকার নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তিও লাগানো রয়েছে।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলা মিয়া জানান, মেয়র গতকাল মার্কেট পরিদর্শন করে বন্ধ রাখার অনুরোধ জানান। তাই আগামী ৯ তারিখ পর্যন্ত ১০ দিন মার্কেট বন্ধ থাকবে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, রবিবার (৩০ মে) সিসিক অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেয়। কেউ নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সিসিক কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলো হলো, জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবন-৩, জেলরোডস্থ সমবায় ব্যাংক ভবন, একই এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন, সুরমা মার্কেট, বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেট, জিন্দাবাজারের মিতালী ম্যানশন, দরগাগেটের হোটেল আজমীর, বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট, টিলাগড় কালাশীলের মান্নান ভিউ, শেখঘাট শুভেচ্ছা-২২৬নং ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ বাসা, চৌকিদেখির ৫১/৩ সরকার ভবন, জিন্দাবাজারের রাজাম্যানশন, পুরানলেনের ৪/এ কিবরিয়া লজ, খারপাড়ার মিতালী-৭৪, মির্জাজাঙ্গাল মেঘনা এ-৩৯/২, পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাগবাড়ির একতা ৩৭৭/৭ ওয়ারিছ মঞ্জিল, একই এলাকার একতা ৩৭৭/৮ হোসেইন মঞ্জিল, একতা-৩৭৭/৯ শাহনাজ রিয়াজ ভিলা, বনকলাপাড়া নূরানী-১৪, ধোপাদিঘীর দক্ষিণ পাড়ের পৌরবিপণী মার্কেট ও ধোপাদিঘীরপাড়ের পৌর শপিং সেন্টার।
শনিবার (২৯ মে) সকাল থেকে রবিবার (৩০ মে) সকাল পর্যন্ত সিলেটে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছে। দফায় দফায় ভূমিকম্পের কারণে বড় ভূমিকম্পের আশঙ্কায় বিশেষ পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। চালু রয়েছে কন্ট্রোল রুম এবং হট লাইনও।
ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম। তিনি বলেন, কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।

