জয়পুরহাটের জামায়াত নেতাসহ আটক ৫
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৩:১০
জয়পুরহাটে গোপন বৈঠক চলাকালে জামায়াত ইসলামীর আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। জেলার কালাই থানার ওসি সেলিম মালিক জানান, গতকাল বুধবার মধ্যরাতে উপজেলাপাড়া থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন জেলা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), সমাজসেবা সম্পাদক কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম (৪৭) ও কালাই পৌর জামায়াতে ইসলামীর আমির মোজাফফর হোসেন (৪৭)।
ওসি সেলিম বলেন, “কালাই উপজেলা জামায়াত ইসলামীর আমির মুনসুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের আটক করে। “পুলিশের ধারণা তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠক করছিলেন।”

