বায়োপিক’র শুটিং দিয়ে কাজে ফিরবেন পরীমনি
উত্তরদক্ষিণ| শনিবার, ২৬ জুন ২০২১| আপডেট ১৭:৪৫
সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘বায়োপিক’ এর কাজ দিয়েই শুটিংয়ে ফিরছেন পরীমনি। এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।
বর্তমানে ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্ল বাসায় বসেই সময় পার করছেন। নির্মাতা সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের কারণে আগস্টের শুরুতে ‘বায়োপিক’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন পরীমনি।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে সঞ্জয়ের। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে সিনেমার দৃশ্যধারণের কাজ হবে বলে জানান নির্মাতা সঞ্জয়।
পরীমনির ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে।

