হংকংয়ে করোনায় নাবিকের মৃত্যু: বিএসসির জাহাজ কোয়ারেন্টিনে
উত্তরদক্ষিণ| শনিবার, ২৬ জুন ২০২১| আপডেট ১৯:৫৩
করোনায় আক্রান্ত হয়ে হংকং বন্দরে বাংলাদেশ শিপিং করপোরেশনের এক এক নাবিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৬ জনসহ বাংলাদেশের পতাকাবাহী বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরকে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
বিএসসির মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা বর্হিনোঙ্গরে ওইসময় পণ্য খালাস করছিল বলে জানা গেছে। এটিতে মোট ২৭ জন নাবিক ছিলেন।
বিএসসির সচিবের দায়িত্বে থাকা আশরাফুল জানান, গত ২১ জুন বন্দরের বর্হিনোঙ্গরে ‘এমভি বাংলার জয়যাত্রা’র সাধারণ নাবিক মোকাররম হোসেন (৫৫) ঘুমন্ত অবস্থায় মারা যান।
পরে স্থানীয় কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষা করলে তিনি কোভিড আক্রান্ত ছিলেন বলে জানা যায়। এরপর জাহাজটির বাকি নাবিকদের আইসোলেশনে রাখা হয়। কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তাদের নমুনা নিয়ে গেছে। তবে ফলাফল জানানো হয়নি বলে আরও কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
জাহাজটি গত ১০ জুন চট্টগ্রাম বন্দর ছেড়ে গিয়েছে।

