বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল আইএফআইসি ব্যাংক

বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক

উত্তরদক্ষিণ| শুক্রবার, ০২ জুলাই ২০২১| আপডেট ১৮:০০

বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন পেয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। বুধবার (৩০ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল (শেয়ারে রূপান্তর যোগ্য নয়), ফ্লোটিং রেট ও সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে ব্যাংকটি কোনো জামানত রাখছে না। বন্ডটির সর্বনিম্ন কুপন রেট হবে সাড়ে ৭ শতাংশ। আর সর্বোচ্চ কুপন রেট সাড়ে ১০ শতাংশ। এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেয়া হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর অ্যারেঞ্জার হিসেবে থাকবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা এবং ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading