রাজধানীতে বাসায় অগ্নিদগ্ধ ৩
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৪:২৫
ঢাকার সায়দাবাদের করাতিটোলা এলাকার একটি বাসায় ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এরা হলেন- ওয়ার্কশপের কর্মী রাজু মিয়া (৬০), পরিবহনকর্মী শাহজাহান (৫৪) ও ঘড়ি মেরামতকারী জয়নাল মিয়া (৬১)।
তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল বুধবার রাত ২টার দিকে করাতিটোলা এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে এই তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।
“দগ্ধ তিনজন এক রুমে থাকেন। রাতে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে অন্য ঘরের মানুষ এসে আগুন নেভায় এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”
চিকিৎসকের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, রাজুর শরীরের ১৭ শতাংশ, শাহজাহানের ৪৫ শতাংশ এবং জয়নালের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, “আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু কাজ করতে হয়নি। তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।” একটি টিনশেড বাসায় আগুন লেগেছিল উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডেরর কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

