বাংলাদেশকে আরও সোয়া ১ কোটি ডলার সহায়তা দিচ্ছে আমেরিকা

বাংলাদেশকে আরও সোয়া ১ কোটি ডলার সহায়তা দিচ্ছে আমেরিকা

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৫:১৫

মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ১ কোটি ১৪ লাখ ডলার জরুরি সহায়তা দিচ্ছে আমেরিকা। এ নিয়ে বাংলাদেশকে ৯ কোটি ৬০ লাখ ডলারের বেশি সহায়তা দিল দেশটি। আজ সোমবার (৯ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আমেরিকা করোনা মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে আরও ১১ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ১ কোটি ১৪ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে উল্লেখ করা হয়, আমেরিকার দেওয়া এ সহায়তা জীবন রক্ষাকারী মেডিক্যাল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ এবং দেশজুড়ে কার্যকর কোভিড-১৯ টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করার মাধ্যমে বাংলাদেশকে কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, নতুন এ সহায়তা বাংলাদেশিদের মধ্যে ভাইরাস সংক্রমণ কমানোর লক্ষ্যে নেওয়া প্রতিরোধ কার্যক্রম জোরদার করবে। পাশাপাশি এটি রোগীদের মানসম্মত চিকিৎসা দেওয়া ও সেবাযত্নের মান বাড়াতে ভূমিকা রাখবে। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, ‘এই অনুদান বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় আমাদের দেওয়া চলমান সহায়তারই অংশ। আমেরিকা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহৎ দাতা দেশ।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই বিশেষ চ্যালেঞ্জিং মুহূর্তে আমাদের অংশীদারত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ আমেরিকার দেওয়া করোনাসংক্রান্ত সহায়তার মধ্যে রয়েছে ৫৫ লাখ ডোজ মডার্নার টিকা এবং দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করা।

আমেরিকার ফেডারেল সরকারের পাশাপাশি ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, স্টেট ডিপার্টমেন্ট এবং সিডিসির মাধ্যমে বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেন যন্ত্রপাতি, পালস অক্সিমিটার এবং দেশজুড়ে কর্মরত সম্মুখসারির কর্মীদের জন্য কয়েক লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে।

ইউডি/বিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading