নারীকর্মীকে ধর্ষণ: বরখাস্ত হচ্ছেন আলিবাবা’র সেই ম্যানেজার
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:৫০
হোটেলে মদ্যপ অবস্থায় অচেতন ছিলেন আলিবাবা’র এক নারীকর্মী। এই সুযোগে তার পুরুষ বস তাকে ধর্ষণ করেছেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে ওই নির্যাতিত নারীকর্মীর অভিযোগ। এমন অভিযোগ নিয়ে তদন্ত করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে কাজ করছে পুলিশও। খবর বিবিসির।
দেশটির প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা ওই ম্যানেজারকে বরখাস্ত করবে। ইতোমধ্যে কর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়েছে তারা। তাতে প্রধান নির্বাহী কর্মকর্তা ডানিয়েল ঝাং বলেছেন, দু’জন বস এ অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন।
ঝাং বলেছেন, অভিযুক্ত ম্যানেজার ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন, যখন ওই নারী ‘মাতাল’ অবস্থায় ছিলেন, তখন তার সঙ্গে তিনি অন্তরঙ্গ সম্পর্কে মিলিত হয়েছেন।
ডানিয়েল ঝাংয়ের ওই চিঠিতে আরো বলা হয়েছে, অভিযুক্ত ওই ম্যানেজারকে বরখাস্ত করা হবে। তাকে নতুন করে নিয়োগ দেয়া হবে না। তিনি ধর্ষণ করুন বা অনৈতিক কাজ করুন- যা-ই করুন না কেন, তাতে আইন লঙ্ঘন করেছে কিনা তা নির্ধারণ করবে আইন প্রয়োগকারীরা। চিঠিতে আরো বলা হয়, ওই নির্যাতিত নারীর মঙ্গলের দায়দায়িত্ব নেবে আলিবাবা। এতে বলা হয়, আমরা যতদূর পারি তার দেখাশোনার সবকিছু করবো।
ওই নারীকর্মী অভিযোগ করেন, ২৭শে জুলাই রাতে তাদের ক্লায়েন্ট তাকে চুম্বন করে। এরপর তার যখন চেতনা ফেরে তিনি দেখতে পান সেটা পরদিন সকাল। হোটেলকক্ষে নিজেকে আবিষ্কার করেন বিবস্ত্র অবস্থায়। এ সময় রাতে কি ঘটেছে তা স্মরণ করতে পারেননি তিনি। এ অবস্থায় তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করেন। তাতে তিনি দেখতে পান, ম্যানেজার ওই রাতে চারবার তার রুমে প্রবেশ করেছেন। চিঠিতে আলিবাবা বলেছে, জোর করে কাউকে নেশা পান করানোর কঠোর বিরোধী তারা।
ইউডি/এজেএস

