পুরানো রুপে গাবতলী বাস টার্মিনাল

পুরানো রুপে গাবতলী বাস টার্মিনাল

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৪:০৫

আজ থেকে চলাচল শুরু করেছে গণপরিবহন। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এখন যাত্রী সমাগম বেড়েছে। ঠিক যেন করোনার আগের সেই কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল থেকেই গাবতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের যাত্রী ডাকা ডাকি শুরু হয়েছে। এছাড়া সকাল থেকেই যাত্রীরা আসা শুরু করেছে রাজধানীর এই বাস টার্মিনালে।

আজ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, কাউন্টারগুলোর কর্মচাঞ্চল্যের তৎপরতা। এদিকে, লকডাউন শিথিল হওয়াতে খুশির কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকরা।

কথা হয় এক পরিবহনের কাউন্টার মাস্টার সুফিয়ানের সাথে। তিনি বলেন, আজ সকাল ৬ টা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে। সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে। যেসব যাত্রীরা আসছেন তারা অধিকাংশই রাজধানীতে আটকা পরা যাত্রী।

তিনি বলেন, আমাদের এখানে এখন মোটামুটি যাত্রী আসছেন। টিকিটও বিক্রি হচ্ছে ভালোই। তবে ঢাকা থেকে যাওয়ার তুলনায় আসার যাত্রী বেশি হবে। কারণ অনেকেই বাড়ি গিয়ে আসতে পারেনি। তারা আজ থেকেই আসা শুরু করবে।

সাইফুল ইসলাম নামের দূরপাল্লা পরিবহনের ড্রাইভার বলেন, লকডাউনের প্রভাবে ঋণে জর্জরিত হয়েছি। কেউ কেউ দুই থেকে তিন মাসের বাসা ভাড়াসহ সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এছাড়া সরকারি অনুদান বা সহায়তা আসলেও আমরা অনেকেই পাইনি। নেতারা আত্মীয়-স্বজনদের সরকারি অনুদান দিয়েছে। সবকিছু থেকে পরিবহন শ্রমিকরা বঞ্চিত হয়েছি।

তিনি বলেন, আমরা এখন আর লকডাউন চাইনা। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর লকডাউন দিয়েন না। আমাদের বেচে থাকতে দেন। আমরা নিয়ম মেনেই বাস চালাতে চাই।

এক পরিবহনের সুপারভাইজার মো. মামুন বলেন, আজ সকালে গাবতলী থেকে আমাদের পরিবহন ছেড়ে গেছে। সরকার বিধিনিষেধ তুলে দেওয়ায় আমরা খুশি। দীর্ঘদিন লকডাউনে আমাদের খুব কষ্টে দিন পার করতে হয়েছে। সরকারের এবারের নির্দেশনা অব্যাহত রাখলে আমরা পরিবহন শ্রমিকরা বেঁচে যাব।

মো. জহিরুল ইসলাম নামের দূরপাল্লা পরিবহনের ড্রাইভার বলেন, লকডাউন খুলে দেওয়াতে খুব খুশি হয়ছি। এতদিন খুব কষ্ট করে চলতে হয়েছে। অনেক টাকা ঋণ করে ফেলেছি। গাড়ি চললে আর আমাদের কষ্ট হবে না। আমরা সরকারি নির্দেশনা মেনেই গাড়ি চালাবো। তারপরও যেন আর লকডাউনের কবলে পড়তে না হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading