আগামী দু’তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ০১:০০
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আগামী দু’তিন দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানান, মৌসুমি বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে উত্তরাঞ্চলে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দেশের বাইরে উজানেও এ ধারা অব্যাহত থাকতে পারে।
তিনি জানান, এ মাসের শেষ পর্যন্ত একইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে অতি ভারী বর্ষণের সম্ভানা কম।
আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরের ৫ দিনে আবহাওয়ার অবস্থা প্রায় একই ধরনের থাকতে পারে। এ সময় সামান্য পরিবর্তন হতে পারে।
২৫ আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজারহাটে সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে ৯০, কুতুবদিয়ায় ৬৯, রাঙ্গামাটি ৫৫, নেত্রকোনায় ৪৮, চুয়াডাঙ্গা ৪৭, চট্টগ্রাম ৩৬, নিকলি ২৮, দিনাজপুরে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম শ্রীমঙ্গলে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
২৫ আগস্ট সন্ধ্যা থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ে।
২৫ আগস্ট সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫ টা ৩৮ মিনিটে।

