নাসির-তামিমার বিয়ের বৈধতা পায়নি: পিবিআই
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৩:২০
ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ের ‘বৈধতা পায়নি’ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের এই তদন্ত সংস্থা বলছে, আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে ‘যথাযথভাবে বিচ্ছেদ’ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন। সংবাদ সম্মেলন করে তালাকের বিষয়ে তারা যা বলেছেন, তার ‘সত্যতা মেলেনি’। ডিভোর্সের যে কাগজপত্র দেখানো হয়েছে, সেগুলো তৈরি করা হয়েছে ‘জালিয়াতির মাধ্যমে’।
বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। সেখানে বিচ্ছেদ না করেই নতুন বিয়ে করার অভিযোগ আনা হয়েছে তামিমার বিরুদ্ধে। আর নাসিরের বিরুদ্ধে আনা হয়েছে ‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ’ করে নিয়ে যাওয়া, ‘ব্যাভিচার’ এবং তামিমার আগের স্বামীর মানহানি ঘটানোর অভিযোগ। আর সব ‘জেনেও’ বিয়েতে সহায়তা করায় নাসিরের মাকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু ইউসুফ।
তিনি বলেন, “তালাক যথাযথভাবে হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে। তাদের বিয়ের বৈধতা পাওয়া যায়নি। ডাক বিভাগ, স্থানীয় ইউনিয়ন পরিষদে তালাকের নোটিস পাঠানোর যে দাবি তারা করেছেন, তা সঠিক নয়।”
রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বলেন, ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে বৃহস্পতিবার পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়। আমরা তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছি। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে এ মামলা দায়ের করেন মো. রাকিব হাসান। তার বক্তব্য শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আর্জিতে তামিমার বয়স ২৯ এবং রাকিবের বয়স ৩২ বছর লেখা হয়েছিল। আর ক্রিকেটার নাসিরের বয়স দেখানো হয় ৩০ বছর। রাকিব সেখানে বলেন, তামিমার সঙ্গে তার বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। বিডিনিউজ

