পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা: কাদের

পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা: কাদের

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়।

বুধবার (২০ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা নিজেরা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি, তারাই জাতিকে বিভাজন করে দুর্বল এবং দেশের ইমেজ নষ্ট করতে চায়।

তিনি আরও বলেন, এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা। বিএনপির চরিত্র হচ্ছে, মুখে শেখ ফরিদ, বগলে ইট, তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কদর্যে ভরা।

বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক হামলায় নাকি সরকার জড়িত! আসলে ভিডিও ফুটেজে থলের বিড়াল বেরিয়ে আসছে দেখে তারা একচোখা দৈত্যের আচরণ শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক।

বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা ভেবেছে পূজামণ্ডপে হামলা করলে সরকারের ওপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে।

‘মসজিদগুলো মন্দির হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি বাজবে’ এসব অপপ্রচার বিএনপি অতীতেও চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব অপকর্ম ও নির্জলা মিথ্যার পেটেন্ট একমাত্র বিএনপির।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম ও ওফাত দিবস। মুসলিম উম্মার জন্য দিনটি পবিত্র এবং মহিমান্বিত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মহানবীর যে অমরবানী সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

প্রবারনা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের পক্ষ থেকে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading