ইতিহাস গড়ল নামিবিয়া
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছে আফ্রিকার দেশ নামিবিয়া। আর প্রথমবারেই অঘটন ঘটিয়ে ফেলল দেশটি। অভিজ্ঞতা কিংবা শক্তি সামর্থ্যওে তাদের চেয়ে অনেক এগিয়ে আয়ারল্যান্ড। কিন্তু মাঠের ক্রিকেটে সব হিসাব পালটে দিল নামিবিয়া। বোলারদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ব্যাটারদের নিখুঁত পারফরম্যান্সে আফ্রিকার দেশটি লিখল নতুন ইতিহাস। প্রথমবার টি ২০ বিশ্বকাপে খেলতে এসেই টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে তারা জায়গা করে নিল সুপার টুয়েলভ পর্বে। শুক্রবার শারজায় আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটের ঐতিহাসিক জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে শ্রীলংকার সঙ্গী হয়েছে নামিবিয়া। গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে তারা খেলবে গ্রুপ ‘২’-এ। অন্যদিকে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা আয়ারল্যান্ড টানা দুই ম্যাচে শ্রীলংকা ও নামিবিয়ার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল। নামিবিয়ার সুপার টুয়েলভের টিকিট কাটার পাশাপাশি ২০২২ টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে তারা।
ম্যাচ শেষে নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাসের গর্বিত উচ্চারণ, ‘আমরা খুব ছোট দেশ, ক্রিকেট খেলা মানুষের সংখ্যা আরও কম। নিজেদের নিয়ে আমরা গর্ব করতেই পারি।’
ম্যাচ জেতানো ফিফটিতে গর্বের উপলক্ষ্যটা এরাসমাস নিজেই নিশ্চিত করেছেন। আট উইকেটে ১২৫ রানে আইরিশদের বেঁধে ফেলার পর এরাসমাসের ৪৯ বলে অপরাজিত ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে নয় বল বাকি থাকতেই কোনো টেস্টখেলুড়ে দলের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নেয় নামিবিয়া। তৃতীয় উইকেটে অধিনায়কের সঙ্গে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে রানের গতি বাড়িয়ে ব্যবধান গড়ে দেন ম্যাচসেরা ডেভিড ভিসে। বোলিংয়ে ২২ রানে দুই উইকেট নেওয়ার পর টর্নেডো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ২৮* রান করেন গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ভিসে। নেদারল্যান্ডসের বিপক্ষেও ম্যাচসেরা হয়েছিলেন ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার। ২১ রানে তিন উইকেট নিয়ে পেসার ইয়ান ফ্রাইলিংকও নামিবিয়ার জয়ে বড় অবদান রেখেছেন।

