আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমনি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১২:০০

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনিসহ তিন আসামি।

শুনানি শেষে, আগামী ১৫ নভেম্বর অভিযোগ গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, গত ১২ অক্টোবর মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এরপর আদালত মামলার চার্জশিট গ্রহণের জন্য এই তারিখ ধার্য করেন।

গত ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অপর দু’জন হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবীর হাওলাদার।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন পরীমনি কারামুক্ত হন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading