ঘুষের অভিযোগ, জিজ্ঞাসাবাদ করা হতে পারে সমীরকে

ঘুষের অভিযোগ, জিজ্ঞাসাবাদ করা হতে পারে সমীরকে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:০৫

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করে এখন নিজেই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ইন্ডিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে। গতকাল এ খবর প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম। নতুন খবর, ঘুষের অভিযোগে এ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। অভিযোগ তোলেন মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল।

ইন্ডিয়া টুডের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, আগামীকাল বুধবার কেন্দ্রীয় সংস্থা আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তাঁকে এনসিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লিতে উড়াল দেন সমীর। খবর বেরোয়, তাঁকে তলব করা হয়েছিল। তবে পরে সমীর জানান, ব্যক্তিগত কারণে দিল্লি গিয়েছিলেন, তাঁকে তলব করা হয়নি।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ঘুষের অভিযোগে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আবেদন করেছেন মুম্বাইয়ের এক আইনজীবী। অন্যদিকে, মহারাষ্ট্রের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নবাব মালিক সমীরের বিরুদ্ধে অবৈধ ভাবে ফোন ট্যাপিং ও প্রতারণার অভিযোগ এনেছেন। একটি চিঠিও প্রকাশ করেছেন তিনি। ওই চিঠির ব্যাপারে এনসিবির ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন বলেছেন, চিঠির ব্যাপারে তিনি অবগত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর মুম্বাই হাইকোর্টে আজ আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত। আজও আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করেছে এনসিবি।

বোম্বে হাইকোর্টে আরিয়ানের পক্ষে জামিন শুনানিতে অংশ নেবেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি। গতকাল সন্ধ্যায় তিনি মুম্বাইয়ে পৌঁছেছেন। তাঁর সঙ্গে থাকবেন বিশিষ্ট আইনজীবনী সতীশ মানশিন্ডে ও অমিত দেশাই।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading