জলবায়ু সম্মেলন: আগামীকাল ইংল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) অংশ নিতে আগামীকাল রবিবার (৩১ অক্টোবর) ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবেন। ১৫ দিনের রাষ্ট্রীয় সফরকালে ফ্রান্সেও যাবেন তিনি। শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আগামীকাল রবিবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আয়োজন শুরু হচ্ছে ইংল্যান্ডের গ্লাসগোতে। আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা আছে। পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে বঙ্গবন্ধুর নামে ইউনিসেফ প্রবর্তিত পুরস্কার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড ইন ক্রিয়েটিভ ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অব পার্টিজের ২৬তম বার্ষিক অধিবেশন হচ্ছে। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদল রোববার গ্লাসগোর উদ্দেশে রওনা হচ্ছেন। আগামী ১ ও ২ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনের শীর্ষ বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ১ নভেম্বর কপ-২৬ এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন সিভিএফ কমনওয়েলথের একটি যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

