স্পেনে ষাঁড় দৌড় উৎসবে এক ব্যক্তি নিহত
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ১১:৩০
স্পেনের পূর্বাঞ্চলীয় শহর ওন্দায় ষাঁড় দৌড় উৎসবে এক ব্যক্তি মারা গেছেন। ৫৫ বছর বয়সী ব্যক্তি ষাঁড়ের সামনে পড়ে যাওয়ায় আক্রমণের শিকার হন।
বিবিসির খবরে বলা হয়েছে, ওই ব্যক্তিকে একটি ষাঁড় বারবার গুঁতো দেওয়ায় মাথায় ও হাতে গুরুতর আঘাত পান। তাকে তাৎক্ষনিক ভিয়ারিয়াল শহরের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওন্দার কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনার পর ষাঁড়ের দৌড় ইভেন্ট স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য উৎসব চলবে।
স্পেনে করোনাভাইরাস মহামারিতে প্রায় দুই বছর ষাঁড় দৌড় অনুষ্ঠান বন্ধ ছিল। সম্প্রতি এ অনুষ্ঠান ফের চালু হওয়ার পর এটাই বড় কোনো দুর্ঘটনা। তবে স্পেনের ঐতিহ্যবাহী এ উৎসবে বরাবরই হতাহতের ঘটনা ঘটে থাকে। ষাঁড় দৌড় ইভেন্টে ১৯১০ সাল থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্পেনের মতো ফ্রান্স ও পর্তুগালেও ষাঁড় দৌড় উৎসব হয়ে থাকে।
এ উৎসবে একদল ষাঁড় শহরের রাস্তায় ছেড়ে দেওয়া হয়। উৎসবে অংশ নেওয়া হাজার হাজার মানুষ ষাঁড়ের সামনে পেছনে দৌড়ান। এতে ষাঁড়ের সঙ্গে খেলায় যোগ দেন একদল রানার। এসব ষাঁড়কে বিতর্কিত ষাঁড়ের লড়াই টুর্নামেন্টেও নিয়ে যাওয়া হয়।
স্পেনের ঐতিহ্যবাহী এ উৎসবের ব্যাপক সমালোচনা রয়েছে।

