সাত দিনব্যাপী বঙ্গবন্ধু যুবমেলার উদ্বোধন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১৮:৪৫
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মঙ্গলবার (২ নভেম্বর) সাতদিন ব্যাপী যুবমেলার উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।
অনুষ্ঠানে যুব উনয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান, ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, তরুণরা আগামী দিনের সম্পদ। দেশের পুরো জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। যে কোন দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পেছনে কাজ করে যুবাদের অদম্য কর্মস্পৃহা, শক্তি, প্রতিভা আর হার না মানার মানসিকতা। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
যুব সমাজকে কিভাবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে কাজে লাগানো যায়, তার জন্য আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, বাস্তবিক ও কারিগরি দক্ষতা সম্পন্ন আত্মকর্মী তৈরিতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
দেশের বিপুল সংখ্যক যুব সমাজের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তা ভাল ভাবে কাজে লাগাতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা যাবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যুব প্রশিক্ষনকে জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে আমরা দেশের প্রতিটি উপজেলায যুব প্রশিক্ষন ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছি। অচিরেই এ প্রকল্পের কাজ শুরু হবে।’
তিনি বলেন, মুজিব বর্ষে দেশের যুবরা যাতে বেকার না থাকে সেজন্য চারটি ব্যাংকের মাধ্যমে ৮৩ হাজার যুবকের মধ্যে ১ হাজার ৩৪৪ কোটি টাকার বঙ্গবন্ধু যুব ঋণ বিতরন করেছে বর্তমান সরকার। এর ধারাবাহিকতা বজায় থাকবে।
যুব মেলায় ১০৮ টি স্টল অংশগ্রহন করছে। যেখানে য্বু উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে সফল আত্মকর্মীদের বিভিন্ন উদ্ভাবন ও পন্য প্রদর্শন করা হচ্ছে।

